বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাজেক সড়কে অবরোধ ঘিরে উত্তেজনা, উজোবাজারে গোলাগুলি, সেনাসদস্য আহত

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

সাজেক সড়কে অবরোধ ঘিরে উত্তেজনা, উজোবাজারে গোলাগুলি, সেনাসদস্য আহত

রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় অবরোধে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যটকদের গাড়িবহর এলাকা পার হওয়ার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পর্যটকদের গাড়িবহর নিরাপদে সরিয়ে নেওয়ার সময় অবরোধকারীরা গুলি চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

sajek-1792655958

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা স্কট দিয়ে পর্যটকদের গাড়িবহর নিরাপদে সরিয়ে আনেন। পরে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালায়। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হতাহতের বিষয়ে পুলিশ সুপার বলেন, একজন সেনাসদস্য আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে অবরোধকারীদের কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক ভ্যালি থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় পর্যটকদের গাড়িবহর আটকে দেন অবরোধকারীরা। পরে বেলা ১১টার দিকে পর্যটকদের সরিয়ে নেওয়ার সময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে পর্যটকদের নিরাপদে উজোবাজার এলাকা পার করে দেওয়া হয়।

ওসি আরও বলেন, ইটপাটকেলের আঘাতে কয়েকজন পর্যটক আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে আহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করতে পারেননি। তার ভাষ্য, ইউপিডিএফের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলি চালান। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। অবরোধের প্রথম দিন সকালে উজোবাজার এলাকায় সাজেক থেকে ফেরার পথে পর্যটকেরা আটকা পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের গাড়িবহর অবরোধ অতিক্রম করে খাগড়াছড়ি জেলার দিকে চলে যায়। পর্যটকেরা এলাকা পার হওয়ার পর উজোবাজারে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর