ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের সামাজিক মাতব্বর আনু মণ্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে গরুতে জমির ধান খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এ সময় আনু মণ্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করেন বকুল বিশ্বাসের সমর্থকেরা। এ ঘটনার জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত সাতজন আহত হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




