নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন শাহিনের চাচা মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচা মোবারক হোসেনের পরিবারের বিরোধ বাধে। এর জেরে মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধি/এসএস




