বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে রামেক হাসপাতাল প্রশাসন

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে রামেক হাসপাতাল প্রশাসন

৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে তারা ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

তবে সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের তিনটি দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম। তিনি ঢাকা মেইলকে বলেন, হাসপাতাল প্রশাসনের আয়ত্তে থাকা তিনটি দাবির ব্যাপারে পরিচালক মহোদয় তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিয়েছেন। বাকি দুটি দাবির বিষয়ে সচিব মহোদয়ের সাথে কথা বলা হয়েছে। হাসপাতালে আনসার সংখ্যা বাড়ানো হবে, আরও ১০০ জন আনসার সদস্য নেওয়া হবে এবং অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা থাকবে।

ডা. শামীম আরও বলেন, আমরা আশা করছি- সামনে শনিবারের ভেতর সবকিছু আগের মতো স্বাভাবিক হবে। এরপরও কেউ দায়িত্ব পালন না করলে, তাদের ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার হাসপাতাল থেকে সেটা নেওয়া হবে।

এ বিষয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু ঢাকা মেইলকে বলেন, আমরা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে হাসপাতালে আমাদের কর্মবিরতি চলছে। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। দাবিগুলো মানা হলে তবেই আমরা ডিউটিতে ফিরে যাব। 

তিনি বলেন, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে নিরাপত্তার স্বার্থে সাধারণ পোশাকে ওয়ার্ড ত্যাগ করতে হয়েছে। এছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ ও নিরাপত্তাহীনতার পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—

১. হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।

২. কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

৩. একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের হাসপাতালে প্রবেশের নিয়ম কার্যকর করা।

৪. রোগী ভর্তির দিন ও পরবর্তী দিন সংশ্লিষ্ট সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।

৫. অনতিবিলম্বে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর