জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতার পর আসলামকে আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে কালাই থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করে। ওই রাতেই আসলামকে গ্রেফতার করা হয়। বুধবার (২১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন কালাই থানার কনস্টেবল মাহমুদুল হাসান রকি, পিকআপচালক কনস্টেবল মাসুদ রানা এবং উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) আহসান হাবীব। অভিযুক্ত আসলাম হোসেন কালাই পৌর শহরের থুপসাড়া মহল্লার মুনসুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে ডিউটি অফিসারের কক্ষের সামনে যান আসলাম। থানার ভবনের প্রধান ফটকে সেন্ট্রির দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোছা. স্মৃতি আক্তার তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। তবে তিনি কোনো জবাব না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকেন।
এতে রকির বাঁ চোয়ালে আঘাত লাগে। তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে আসলাম তার পিছু নেন। এ সময় রকি রক্তাক্ত জখম হন।
অন্য পুলিশ সদস্যরা আসলামকে থামানোর চেষ্টা করলে তিনি থানার পিকআপচালক কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। পরে এসআই আহসান হাবীব মাসুদ রানাকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে মাসুদ রানা ও আহসান হাবীব আহত হন।
পরে থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদীসহ অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে আসলাম হাতে থাকা কাঠের বাটাম ফেলে দ্রুত থানার ভেতর থেকে পালিয়ে যান। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন তিন পুলিশ সদস্যের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে আসলামকে গ্রেফতার করে বুধবার দুপুরে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




