ময়মনসিংহের ভালুকা উপজেলায় এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অসুস্থ হয়ে তাজমিনা (৩১) নামের এক অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অসুস্থ হওয়ার পরও ছুটি না দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহকর্মীরা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তাজমিনা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌস। তিনি জানান, কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে ওই নারী শ্রমিককে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে তাজমিনা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। তবে তাকে ছুটি না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সহকর্মীরা। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না করা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
এ ঘটনার পর কারখানার অন্য শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কাজ বন্ধ রেখে কারখানা প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে বিক্ষোভ করেন। সহকর্মীর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সহকর্মীদের বিক্ষোভের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে সেখানে কাউকে পাননি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা বিক্ষোভ স্থগিত করে থাকতে পারেন বলে ধারণা তার। ওই নারী শ্রমিকের মৃত্যু স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস




