গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম। আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তারা তাকে দীর্ঘদিন মনে রাখেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। এ জন্য তাদের দাবি ও সমস্যার বিস্তারিত তথ্য লিখিতভাবে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন তিনি, যাতে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা যায়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারের ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আদিবাসী নেতাদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান এবং সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাদের প্রথাগত রীতিতে নেচে-গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
প্রতিনিধি/এসএস




