বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বাগেরহাটের শরণখোলায় ধানের খেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন।

 বুধবার দুপুরে মিজান হাওলাদার নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেক মোল্লা ও বাবুল মোল্লার জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর