বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে চোরাই তিন মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার আরও একজন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে চোরাই তিন মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার আরও একজন

রংপুর নগরে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী, আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (২৬)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রংপুর নগরের দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তাজহাট থানায় মামলা করেন। পরে তদন্তে নেমে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

9027f42d-f530-437b-9ece-b1f87165f26c

পরে আদালতের অনুমতি নিয়ে ওই পাঁচ আসামিকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চোর চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য পান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও মোটরসাইকেল চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর