বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।

পরে দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ মিছিলের বিষয়ে খোঁজ নেয় এবং জড়িত ব্যক্তিদের আটকের অভিযান শুরু করে।

সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর