শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল অবৈধ পথে আসা ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
বুধবার (২১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের গারোকোনা লেবুবাগান এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবির তথ্য মতে , সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া বন্ধে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট চোরাকারবারিরা সেখান থেকে সরে পড়ে। ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নজরদারিও জোরদার রাখা হবে।
প্রতিনিধি/এজে




