বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ডাকাত দলটি নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। এ সময় তার ৭২ বছর বয়সী বাবা মোহাম্মদ আলীকে মাথায় আঘাত করে ডাকাতেরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন।

সামিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা।

ডাকাতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল। তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে তার বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।

সামিউল ইসলাম বলেন, ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। তার বাবাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিছুটা সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর