যশোরে চুরির অভিযোগ স্বাধীন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রয়েছে।
জানা গেছে, শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্বাধীনের দাদি সেলিনা বেগমের দাবি, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করে। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাকে মারধর করে। এতে সে গুরুতর আহত হন।
নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




