যশোরের শার্শা উপজেলার একটি জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। জনসমাগমপূর্ণ বাজারে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে।”
প্রতিনিধি/এসএস




