চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে এই কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুতরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন তারা।
চাকরিচ্যুত ব্যাংকাররা জানান, চাকরি হারিয়ে তাদের অনেকেই আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও অন্যান্য দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকে। বয়স বেড়ে যাওয়ায় নতুন চাকরি পাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে। অর্থসংকট ও দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে দাবি করেন তারা।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরিচ্যুত হওয়ায় তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। যথাযথ ন্যায়বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে চাকরিচ্যুত ব্যাংকার নাঈম হোসেন বলেন, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরি হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে প্রত্যাশা তাদের।
প্রতিনিধি/ এজে




