মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেবী দুর্গার আরাধনায় ‘অভয়া’, মণ্ডপজুড়ে নারীর প্রতিবাদের ভাষা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

দেবী দুর্গার আরাধনায় ‘অভয়া’, মণ্ডপজুড়ে নারীর প্রতিবাদের ভাষা

মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা। দেয়ালে দেয়ালে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। কোথাও মুষ্টিবদ্ধ হাত, কোথাও চোখ বাঁধা নারীর প্রতিকৃতি। নিপীড়ন, রক্তক্ষরণ ও প্রতিরোধের প্রতীকী চিত্রের পাশে বড় অক্ষরে লেখা—‘ভয় নয়, প্রতিবাদ হোক’।

ধর্মীয় উৎসবের চিরচেনা আয়োজনের মধ্যেই নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও বৈষম্যের বিরুদ্ধে এমন ব্যতিক্রমী বার্তা নিয়ে সেজেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকার একটি পূজামণ্ডপ। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি নারীর সাহস, অধিকার ও আত্মমর্যাদার কথা তুলে ধরতে এবার মণ্ডপটির থিম ‘অভয়া’।

আয়োজকেরা জানান, সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদ এবার ১৮তম বর্ষের আয়োজনে বেছে নিয়েছে এই থিম। ‘অভয়া’ শুধু একটি নাম নয়, ভয়কে জয় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নারীর সাহস ও প্রতিবাদের প্রতীক। নারী ও শিশুর প্রতি নির্যাতনসহ নানা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতেই এ আয়োজন।

মণ্ডপে ঢুকতেই চোখে পড়ে নারী জাগরণ, অধিকার ও সমতার নানা বার্তা। বেদিতে দেবী দুর্গার প্রতিমার ওপরে লেখা রয়েছে ‘ভয় নয়, প্রতিবাদ হোক’ এবং ‘অভয়া, প্রতিবাদী নারীর কণ্ঠস্বর’। মণ্ডপের দেয়াল সাজানো হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, কবি সুফিয়া কামাল, ইলা মিত্র, রানি রাসমণি ও কাদম্বিনী গাঙ্গুলীর বাণী দিয়ে।

এ ছাড়া মুষ্টিবদ্ধ হাত, চোখ বাঁধা নারীর প্রতিকৃতি এবং রক্তের ছোপের মতো লাল হাতের ছাপের চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর ওপর নিপীড়ন, অবদমন ও প্রতিরোধের ভাষা। দেয়ালে সাঁটানো স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘প্রতিবাদ মানেই বিদ্রোহ নয়, প্রতিবাদ মানেই বিবেক’, ‘অপরাধীর লজ্জা, ভুক্তভোগীর নয়’ এবং ‘পোশাক নয়, মানসিকতা বদলাও’। সব মিলিয়ে মণ্ডপটি হয়ে উঠেছে নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে এক প্রতিবাদী মঞ্চ।

053ba90c-fbf2-40f7-b999-14ff7d77d1a2

দুর্গাপূজায় সাধারণত প্রতিমা, আলোকসজ্জা ও নান্দনিক মণ্ডপসজ্জা দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে উৎসবের আয়োজনের মধ্য দিয়ে সমসাময়িক সামাজিক সমস্যা ও জনসচেতনতামূলক বার্তা তুলে ধরার প্রবণতাও দেখা যাচ্ছে। সেই ধারায় ‘অভয়া’ থিমের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে এনেছেন শ্রীমঙ্গলের এই পূজার আয়োজকেরা।

মণ্ডপ দেখতে সিলেট থেকে শ্রীমঙ্গলে এসেছেন দর্শনার্থী চিকিৎসক বিশ্বজিৎ দেবনাথ। তিনি বলেন, ‘ব্যতিক্রমী এই আয়োজনের কথা শুনেই সিলেট থেকে শ্রীমঙ্গলে এসেছি। এমন উদ্যোগ উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও মানুষকে ভাবার সুযোগ করে দেয়।’

আয়োজক কমিটির সভাপতি ত্রিদিব রক্ষিত বলেন, ‘আমরা প্রতিবছরই থিমভিত্তিক পূজা করি। এবার আমাদের থিম অভয়া। সমাজে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছেন। অভয়া কোনো নাম নয়, এটি প্রতিবাদী নারীর কণ্ঠস্বর। নারীদের অন্ধকারে রাখলে সমাজ কখনো এগোতে পারে না। এসব চিন্তা থেকেই আমরা মণ্ডপ সাজিয়েছি।’

সবুজবাগ যুব দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা লিটন ধাম বলেন, ‘সমাজের অনেক মানুষ মনে করেন, নারীরা পিছিয়ে আছেন। কিন্তু বাস্তবতা হলো, নারীরা আজ অনেক ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছেন। তাদের সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর