জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আজিজুল ইসলাম মালিদহ গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে শিশুটি বাড়ির সামনে আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে দেন। পরে শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এজাহারে আরও বলা হয়, শিশুটি চিৎকার করলে আজিজুল তাকে ছেড়ে দেন। পরে শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়। বিষয়টি জানার পর শিশুটির মা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চান। এ সময় আজিজুল কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় বাসিন্দারা পাঁচবিবি থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, শিশুটির পরিবার এ ঘটনায় ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রতিনিধি/এসএস




