জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্র পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা দিয়ে আসছেন। এই ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। তবে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা-খাওয়াসহ নানা ধরনের ভোগান্তিতে পড়তে হবে তাদের। বিশেষ করে চাকরিজীবী, সন্তানসম্ভবা এবং সন্তান নিয়ে পড়াশোনা করা নারী শিক্ষার্থীদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়বে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রেখে সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ। তিনি বলেন, গত ২০ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র কুমিল্লায় স্থানান্তর করায় শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি হবে।

রাশেদ কবির আকন্দ আরও জানান, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলবেন। পাশাপাশি চিঠির মাধ্যমে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থী মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন আইন কলেজ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, চন্দন দাশ, ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, আমির খসরু খাদেম প্রতীক, মো. সাদ্দাম হোসেন, আনিছ, সুজন সরকার, শাহ আরমান, আহসানুল হক রিপন, মাহমুদা, স্বর্ণালী আকতার, শাহজামাল, ইমরান, রনি, আলামীন, মৃণাল, মিনহাজ ও দুর্জয় প্রধানসহ অনেকে।
প্রতিনিধি/এসএস




