মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কক্সবাজারে পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারে পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী সীমান্তের উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় অভিযান দুটি চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পিকআপটির পেছনের সিটের কভারের নিচে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় গাড়ির চালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা তিন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩) ও শাকিল (২২) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা খাইরুল আমিন (২৪)। পরে তাদের বহন করা পোঁটলা তল্লাশি করে ৩৪টি কার্টনে থাকা ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

তিনি বলেন, গত এক বছরে নাফ নদী, টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একই সময়ে ২৩৮ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, মাদক কারবারিরা বড় সিন্ডিকেটের মাধ্যমে কিংবা অভিনব কৌশল ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করলেও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর