সাতক্ষীরার শাখরা সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল রাসায়নিক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব দ্রব্যের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন শাখরা বিওপির একটি টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাখরা বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর এলাকা থেকে চার বোতল J & B ও MARTINI DRUGS জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটির দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতল দ্রব্যের মোট আনুমানিক জব্দমূল্য ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ বলেন, শাখরা সীমান্তে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল দ্রব্য জব্দ করা বিজিবির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি অঙ্গীকারবদ্ধ। সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার কারণে এ ধরনের অভিযান সফল হচ্ছে। দেশের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




