মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভোরের আলো ফোটার আগেই নাটোরে সড়কে ঝরল ১০ প্রাণ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০১ এএম

শেয়ার করুন:

ভোরের আলো ফোটার আগেই নাটোরে সড়কে ঝরল ১০ প্রাণ
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনও দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে আস্তে আস্তে সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক হয়ে আসছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর