শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তিন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি সদস্য। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
সোমবার রাত ৮টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা দুর্গাপূজা মণ্ডপে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে মাঠে রয়েছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।
ব্যাটালিয়নের আওতাধীন দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার মোট ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি সদস্য।
মোতায়েন করা সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা, টহল ও নজরদারি জোরদার করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করে বিজিবি।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।
এসময় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




