মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই: পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম

শেয়ার করুন:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই: পরিবেশমন্ত্রী
ফেনীর পূজামণ্ডপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী। ছবি: ঢাকা মেইল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই। যত দিন শারদীয় দুর্গোৎসব চলবে, তত দিন আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের জয়কালী মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এখানে কে হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান- সেটি বড় কথা নয়। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

তিনি আরও বলেন, সব ধরনের সাম্প্রদায়িক বৈষম্যের ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, আমরা অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই মিলেমিশে বসবাস করব।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা পূজা ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা।

এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর