মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে বিশেষ কমিটি: আইজিপি

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে বিশেষ কমিটি: আইজিপি
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি:

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইন প্রতিষ্ঠা করতে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।

পুলিশ বাহিনীর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ তারিখের পর পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে কাজ চলছে।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব সমস্যা সৃষ্টিকারীর বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশ সদস্যরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর