মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মসজিদের মাইকে ঘোষণা, গোপালগঞ্জে ফুটবল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম

শেয়ার করুন:

মসজিদের মাইকে ঘোষণা, গোপালগঞ্জে ফুটবল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলির ঘোষেরচর এলাকায় দুই গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়। পরে বিরোধের জেরে সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা চলাকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লা (২৮)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে টর্চলাইট জ্বালিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হন। এরপর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের খবর পেয়ে শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর