মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বরিশালে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল, দুই দিন পর মামলা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

বরিশালে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল, দুই দিন পর মামলা
বরিশালে ছাত্রলীগের মিছিল। ছবি: ঢাকা মেইল

বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার দুই দিন পর সোমবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র মিছিল করেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মামলা করেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস। কোতয়ালি মডেল থানায় করা এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন- সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জ্বল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম।

এদিকে নগরীতে একের পর এক মিছিলের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নগরীর সদর রোডের বাসিন্দা রমিজ হাওলাদার বলেন, একের পর এক নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে। পুলিশের দুর্বল ভূমিকার কারণে সাবেক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন মিছিল করার সাহস পাচ্ছেন বলে তিনি মনে করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর