সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শঙ্খধ্বনি-ঢাকের বাদ্যে ময়মনসিংহে মহাসমারোহে মহাঅষ্টমী উদযাপন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

শঙ্খধ্বনি-ঢাকের বাদ্যে ময়মনসিংহে মহাসমারোহে মহাঅষ্টমী উদযাপন
ময়মনসিংহে কুমারী পূজা। ছবি: ঢাকা মেইল

শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর-ঘণ্টা আর ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার মহাষ্টমীর পূজার্চনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও অঞ্জলি প্রদানের মধ্যদিয়ে দেবীর আরাধনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা।

এদিন নগরীর রামকৃষ্ণ মিশনে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে দেবীর কুমারী রূপে পূজিত হয় ছয় বছরের শিশু সরসী চক্রবর্তী। সকালে মহাষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্যদিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ ছিল নগরীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। নারীর পবিত্রতা, মাতৃ শক্তি ও সৃষ্টিশীলতার প্রতীক হিসেবে কুমারীকে শ্রদ্ধা জানান ভক্তরা। কুমারী পূজার মধ্যদিয়ে নারীর মধ্যে নিহিত দেবীত্ব ও মাতৃ মহিমার প্রতি সম্মান প্রকাশ করা হয়।

এবার রামকৃষ্ণ মিশনে ছয় বছরের সরসী চক্রবর্তীকে দেবী দুর্গার কুমারী রূপে সাজানো হয়। ধর্মীয় বিধি অনুযায়ী পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ভক্তরা তার উদ্দেশে প্রণাম ও অঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ভক্তদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও ভক্তিভাব। কুমারী পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা এতে অংশ নেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজার মূল তাৎপর্য হলো প্রতিটি নারীর মধ্যে মাতৃশক্তির উপস্থিতি উপলব্ধি করা এবং নারীকে শ্রদ্ধা ও সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর রূপ বিশেষভাবে প্রকাশ পায় এমন বিশ্বাস থেকেই এই পূজার প্রচলন। দুর্গাপূজার মহাঅষ্টমীতে কুমারী পূজা ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

এদিকে নগরীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে মহাঅষ্টমীর পূজার্চনা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের আনাগোনা ছিল। পূজার আনুষ্ঠানিকতা, অঞ্জলি প্রদান ও প্রার্থনায় অংশ নিয়ে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মণ্ডপগুলোতে ছিল উৎসবের আবহ।

সব মিলিয়ে মহাঅষ্টমী উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। কুমারী পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশনে বিশেষ ধর্মীয় আবহের পাশাপাশি নগরীর অন্যান্য মন্দিরেও দিনভর চলে দেবী দুর্গার আরাধনা।

নগরীর প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় ধর্মীয় আবহ। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা অঞ্জলি দেন এবং দেবীর কাছে দেশ, জাতি ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। মণ্ডপে মণ্ডপে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে চারপাশ। দুর্গোৎসবকে ঘিরে নগরজুড়ে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর