মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান শেখ (২০) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহান শেখ একই ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের শহীদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেখপুর বাজারে শাহীন হাওলাদারের দোকানে মোটরসাইকেল ধুচ্ছিলেন সোহান। এ সময় পাশের একটি তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
প্রতিনিধি/এসএস




