সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি কাবাডি, ভলিবল, হকি, দাবা ও টেনিসসহ সব খেলায় প্রতিভাবানদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। নির্দিষ্ট পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের সম্পদে পরিণত হন। তাদের সাফল্য একটি জাতির গর্ব হয়ে থাকে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে বিজয়ী সিলেট বিভাগের প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ফেরা সিলেটের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, “তোমরা সিলেটের সম্পদ। তোমাদের এই কৃতিত্ব আমরা বহু বছর মনে রাখব। সিলেটবাসীর মনে থাকবে, এই ছেলেদের নিয়ে আমরা অহংকার করতে পারি।”

খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার বিষয়টি এখনো সর্বজনীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। ফুটবল ও ক্রিকেটের কিছু খেলোয়াড় সম্মান ও স্বীকৃতি পেলেও অন্য খেলাগুলোতে সমান সুযোগ তৈরি হয়নি।

তিনি বলেন, অলিম্পিকে ডিসকাস থ্রো, পোল ভল্ট কিংবা হাইজাম্পে চ্যাম্পিয়ন হওয়া একজন অ্যাথলেটও বহু বছর একটি জাতির গর্ব হয়ে থাকতে পারেন। নারী বা পুরুষ—যে খেলাতেই কেউ নির্দিষ্ট পর্যায়ের সাফল্য অর্জন করুন না কেন, তিনি দেশের সম্পদে পরিণত হন।

কাবাডি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, হাডুডু খেলোয়াড়দের অনুশীলনের জন্য টার্ফের ব্যবস্থা করা এবং যেখানে সম্ভব, তাদের জন্য আলাদা সুযোগ-সুবিধা গড়ে তুলতে কাজ করা হবে।

সিলেটে খেলার মাঠের সংকট দূর করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ তার নির্বাচনি অঙ্গীকারের অংশ। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন প্রশাসনের সঙ্গে কাজ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর