গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব মহাষ্টমী ও সন্ধিপূজা। অঞ্জলি, মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য, কাঁসর ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন পূজামণ্ডপ। দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভক্তরা।
মহাষ্টমীর পূজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ভক্তদের উপস্থিতি দেখা যায়। পূজা-অর্চনা ও অঞ্জলিতে অংশ নেন নানা বয়সী মানুষ। ঢাকের বাদ্য আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় মণ্ডপগুলোতে তৈরি হয় উৎসবের আবহ।
মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আচারকে ঘিরে মণ্ডপগুলোতে বিশেষ পূজার আয়োজন করা হয়।
প্রচলিত রীতি অনুযায়ী, সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল দিয়ে দেবীর আরাধনা করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই সন্ধিক্ষণ দেবীর চামুণ্ডা রূপে অসুর বধের স্মারক।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভক্তরা পূজার আনুষ্ঠানিকতা উপভোগ করছেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ধর্মীয় আচার, ভক্তি ও উৎসবের আবহে গোপালগঞ্জে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
প্রতিনিধি/এলএ




