শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বরিশাল-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি শহরের মদনমোহন আখড়াবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ জাকিউল করিম বলেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ঝালকাঠি জেলার ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও বিশেষ টহল অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দেরি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এসআরবির এই অধিনায়ক বলেন, গুজব যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব।
পরিদর্শনকালে এসআরবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক অলোক সাহা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




