সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইশরাক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

ইশরাক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজ করলে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের যত ঘনিষ্ঠই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো আইনগত বাধা নেই। শিক্ষকেরা আগে যেভাবে নির্বাচনে অংশ নিতেন, এবারও সেভাবেই অংশ নিতে পারবেন।

dfe291c1-3e56-4266-a25d-796a05b6db7b

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, সরকার এ নির্বাচন নিয়ে আশাবাদী। আগের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো নির্বাচন হবে।

বিসিআইসির সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সার ডিলার নিয়োগে অনিয়মের কোনো খবর তিনি পাননি। সার ডিলার নিয়োগ ও সার বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে।

আরও পড়ুন

‘স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই’

এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর