রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জ দেড় লাখ টাকার ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ দেড় লাখ টাকার ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ কাকমারাছড়া, বাল্লা ও সিন্দুরখান বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী টিলাগাঁও এলাকায় বিশেষ টহল পরিচালনা করে কাকমারাছড়া বিওপির টহলদল। সীমান্তের আনুমানিক ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ১১ নম্বর টিলাগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে টেকেরঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাল্লা বিওপির টহলদল। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান বিওপির টহলদল কুঞ্জবন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

তিনটি অভিযানে সর্বমোট ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে, চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিজিবি। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি কর্তৃপক্ষ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর