নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু।
রোববার ভোর সোয়া ৬টার দিকে আমলাপাড়ার আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং তার মেয়ের মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আরিফ আলম দিপু লেখেন, সকাল ৬টা ২০ মিনিটে মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গিয়ে আমলাপাড়া আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছুরি ধরে ছিনতাইকারীরা তার মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তার কাছ থেকে টাকা নিয়ে যায়। নিজের মোবাইল ফোন সঙ্গে না থাকায় সেটি খোয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে আরিফ আলম দিপু বলেন, একটা মোটরসাইকেলে তিনজন ছিল। ওরা আমার মেয়ের মোবাইল, কানের দুল ও আমার কাছে থাকা ১৭-১৮শʼ টাকা ছিনিয়ে নেয়। একজনের হাতে একটা বড় ছোরা দেখেছি, আরেকজনের কাছে সম্ভবত পিস্তল ছিল।
তিনি আরও লেখেন, ঘটনার সময়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি, যার জন্য যা ছিল তা দিয়ে বাঁচার চিন্তা করেছি। ভালো করে খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিল না। বিশেষ করে আমার সঙ্গে মেয়ে থাকায় আমি খুব চিন্তিত হয়ে পড়েছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ঘটনাটি সকালে মুখে শোনার পর থেকেই আমি আমার ফোর্স নিয়ে কাজ করছি। পাশাপাশি ডিবি ও এসআরবিও এ বিষয়ে কাজ করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি।
প্রতিনিধি/এলএ




