মানিকগঞ্জে ৫৭৪টি পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩ হাজার ৫৯০ জন সদস্য। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে দুজন করে আনসার সদস্য শারদীয় সুরক্ষা অ্যাপে নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে যেকোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানান মানিকগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আমিনুল ইসলাম।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আনসার ও ভিডিপির সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম আরও বলেন, শারদীয় সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের তাৎক্ষণিক তথ্য ও ছবি সরাসরি নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হচ্ছে। প্রযুক্তির এ ব্যবহারের ফলে সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কুইক রেসপন্স টিম পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস




