শারদীয় দুর্গাপূজায় সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে চার শতাধিক সদস্য। পাশাপাশি নিয়মিত টহল, সাইবার মনিটরিং ও স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, সিলেট জেলা ও মহানগর এলাকায় এ বছর ৬৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় চালু রাখা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিমও।
এ সময় সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিনিধি/এলএ




