চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ (ল্যান্ড হ্যান্ডওভার সার্টিফিকেট) দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। জমির দখল বুঝে পাওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি আরও এগিয়ে গেল।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়।
সনদ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের শিল্পাঞ্চল উইংয়ের সদস্য ও সরকারের অতিরিক্ত সচিব সালেহ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেজার সহকারী পরিচালক ইফতেখার মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেজার পরিচালক মোহাম্মদ জাকারিয়া মিঠু। পরে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি হস্তান্তর সনদে স্বাক্ষর ও সনদ বিনিময় করা হয়।
র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে প্রকল্প সমন্বয়ক ও ব্যবস্থাপক আল আমিন তালুকদার, হামকো করপোরেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা এবং অপটিমাপ্লাস্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে এসব সনদে স্বাক্ষর করেন পরিচালক (এস্টেট) মোহাম্মদ জাকারিয়া মিঠু।
অন্যদিকে, সেভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক নিজামউদ্দিন মাহাদী হাসান এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পরিচালক এম ডি রাকিবুল মতিন সনদ গ্রহণ করেন। এ দুটি প্রতিষ্ঠানের সনদে বেজার পক্ষে স্বাক্ষর করেন উপপরিচালক (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-৫) রাকিবুল ইসলাম।

এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর বেজার এস্টেট ও প্ল্যানিং শাখার কর্মকর্তারা মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ করা জমি বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশ্বমানের অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ তাদের দ্রুত কারখানা স্থাপন এবং উৎপাদন কার্যক্রম শুরু করতে উৎসাহিত করেছে।
সভাপতির বক্তব্যে সালেহ আহমদ বলেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং দ্রুত শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বেজার উপপরিচালক (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) মনিরা ইয়াছমিন, উপপরিচালক (এস্টেট) ও সিনিয়র সহকারী সচিব কাজী মো. মহসীন উজ্জ্বল, উপপরিচালক (প্ল্যানিং-২) রেজা-ই-রাব্বী, সহকারী পরিচালক (এস্টেট-১) মুহতাসিম সাদ, জুনিয়র আরবান প্ল্যানার শাহাদাত হোসেন, ইনভেস্টিগেশন অ্যান্ড সার্ভে কনসালট্যান্ট জামাল হোসেনসহ বেজার সদর দফতর ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




