আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে-কোনো ধরনের উসকানি ও গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৮ অক্টোবর, ২০২৬) দুপুরে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন, এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুররানী মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র এএসপি তরিকুল ইসলাম জানান, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে বিশেষ সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলের দুইজন সদস্য সার্বক্ষণিকভাবে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট পর্যবেক্ষণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কোনো উসকানিমূলক তথ্য বা গুজব ছড়ালে, তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তবে, স্বস্তির বিষয় হলো—এখন পর্যন্ত বিশেষ এই মনিটরিং সেলের নজরে এ ধরনের কোনো উসকানিমূলক পোস্ট বা গুজব ধরা পড়েনি।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের মতো রাজশাহীস্থ এসআরবি-৫ সদর দপ্তরেও অনুরূপ সাইবার মনিটরিং সেল সক্রিয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোম্পানি কমান্ডার বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৬৪টি পূজা মণ্ডপে এসআরবি সদস্যরা সরাসরি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে নিবিড় গোয়েন্দা নজরদারি।
প্রতিনিধি/ এজে




