রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহের সীমান্তে অভিযান, পিস্তল-গুলি ও মাদক জব্দ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহের সীমান্তে অভিযান, পিস্তল-গুলি ও মাদক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে এক সন্দেহভাজন চোরাকারবারি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

রোববার (১৮ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন পাকরাইল এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ জব্দ করা হয়।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর