গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্য। ছুটি নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ বোধ করেন পারভীন। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তিনি। এরপর তার অনবরত পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় জানান, শনিবার সকাল ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববার পারভীনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এলএ




