মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা, ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,রোববার ভোর সাড়ে ৪টার দিকে মাগুরা সদর থানার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এবং উপপরিদর্শক মো. মেহেদী হাসানের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে সম্পা দাস (৩২) ও তাঁর মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। সম্পা দাস ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী। এ সময় তাঁর কোলে তিন মাস বয়সী একটি শিশু ছিল।
পুলিশ জানায়, অভিযানের সময় দীপ্ত কুমার বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি স্টিলের লকার থেকে ২০টি পলিজিপার প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে একটি প্রাইভেট কার, নম্বরপ্লেটবিহীন একটি অ্যাপাচি আরটিআর ৩১০ মোটরসাইকেল এবং ‘বাওফেং’ লেখা একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
প্রতিনিধি/ এজে




