নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করেছেন। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকিরবাড়ি এলাকার সালাউদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশটি আরমানের বলে দাবি করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর রোববার আড়িয়াল খাঁ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, রোববার সকাল ১০টা ১০ মিনিটে নদীতে লাশ ভাসার খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হতে পারে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




