ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ ও ২১৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




