রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাতজন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক পর্যটন সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা।

ওসি তোফাজ্জল হোসেন জানান, সকালে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাত পর্যটক আহত হন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। একজনের মাথা ফেটেছে এবং অন্যজনের হাত ভেঙেছে।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




