অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, আইন অনুযায়ী অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে সকালে ঝিনাইদহে পৌঁছান এসআরবি-৬ অধিনায়ক। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ সময় এসআরবি-৬-এর ঝিনাইদহের কর্মকর্তারা এবং পূজামণ্ডপের সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




