রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

টুপটুপ রিসোর্টে আগুন: ২ শিশুসহ একই পরিবারের নিখোঁজ চার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

টুপটুপ রিসোর্টে আগুন: ২ শিশুসহ একই পরিবারের নিখোঁজ চার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে দুই শিশুসন্তানসহ একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। আগুনে রিসোর্টটির ১০ জন নিহত হওয়ার পর স্বজনরা ওই পরিবারের সদস্যদের সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নিখোঁজরা হলেন— যশোরের মনিরামপুর উপজেলার নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

স্বজনরা জানান, নাহিদুর রহমান পরিবার নিয়ে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টের একটি কক্ষ বুকিং করেছিলেন। ১৮ অক্টোবর দুপুরে তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে শনিবার সকালে অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারের চার সদস্যের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, তার ভাই শুক্রবার কক্সবাজার যাবেন বলে জানিয়েছিলেন। শনিবার সকালে রিসোর্টে আগুন লাগার খবর পাওয়ার পর তিনি নাহিদুরকে ফোন করেন। কিন্তু নাহিদুর বা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর থেকে পরিবারের সদস্য ও স্বজনেরা তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।

নাহিদুরের কর্মস্থল গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা রকিবুজ্জামান জানান, তিনি চীনে রয়েছেন। অগ্নিকাণ্ডের খবর শোনার পর তিনি ও প্রতিষ্ঠানের অন্যরা নাহিদুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নাহিদুরকে ভালো কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খবরটি শোনার পর থেকে তিনি অসহায় বোধ করছেন।

নাহিদুর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থী তাহিরা সিদ্দিকা সূচি জানান, নাহিদুরের পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা আছেন; তারাও যোগাযোগ করতে পারছেন না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, নাহিদ নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জেনেছে। পরে তিনি বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টের ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, আগুনে রিসোর্টটির কাঠামোর বড় অংশ পুড়ে যায়। নিহতদের বেশির ভাগের মরদেহ এতটাই পুড়ে গেছে যে, চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় রিসোর্টটির ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ ও রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর