রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পূজার আনন্দ রূপ নিলো বিষাদে, নিখোঁজের পর নদীতে মিলল রাহুলের মরদেহ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

পূজার আনন্দ রূপ নিলো বিষাদে, নিখোঁজের পর নদীতে মিলল রাহুলের মরদেহ
রাহুল বিশ্বাস। ছবি: সংগৃহীত।

দুর্গাপূজায় নতুন জামা-কাপড় পরে বন্ধু, পরিবার, আত্নীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিলো নড়াইল সদর উপজেলার শিশু রাহুল বিশ্বাসের (৬)। তবে তা হয়নি, পূজার আনন্দ যেনো রূপ নিলো বিষাদে। নিখোঁজের একদিন পর চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাহুল বিশ্বাস সদরে পৌরসভার ভওয়াখালি গ্রামের রোহিত বিশ্বাসের ছেলে।

সাধারণ ডায়েরি ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের পৌরসভার ভওয়াখালি মিতালী সংঘের সামনে থেকে রাহুল বিশ্বাস নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাহুল বিশ্বাসের বাবা রোহিত বিশ্বাস। এরপর শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা ব্রিজের নিচের তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছোট্ট রাহুলের যেখানে সবাইকে নিয়ে পূজার আনন্দ করার কথা ছিলো সেই বাড়িতেই এখন কান্নার রোল। পূজার আনন্দ এক মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে পড়ে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর