রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে দুই ভুয়া দন্ত চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে দুই ভুয়া দন্ত চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা
নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান।

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।  এর অংশ হিসেবে পৌরশহরের স্টেশন রোডের পাথরঘাটা এলাকায় একটি দন্ত চিকিৎসালয়ে অভিযান চালিয়ে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মৌ ডেন্টাল কেয়ারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।

এ সময় সেখানে দন্ত চিকিৎসা দিচ্ছিলেন সোহানুর রহমান সুরাপ ও এসএম রাহী নামের দুই ব্যক্তি। তাঁরা চিকিৎসা দেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চেম্বারে অন্য একজন সনদধারী দন্ত চিকিৎসকের নাম থাকলেও তাঁকে সেখানে পাওয়া যায়নি।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুই ব্যক্তি দাবি করেন, চেম্বারটি সনদধারী চিকিৎসকের এবং তাঁরা সেখানে রোগীদের সিরিয়াল দেওয়ার কাজ করেন। তবে অভিযানকালে তাঁদেরই রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। পরে তাঁদের একজনকে ১০ হাজার এবং অপরজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করা হয়।

গত ১০ আগস্ট মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ডেন্টাল কেয়ারে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মো. লিয়ন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, দাঁতের মাড়ির পাশে বেড়ে ওঠা মাংস কাটার পর তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। পরে সংশ্লিষ্ট দন্ত চিকিৎসক আত্মগোপনে চলে যান। এরপর প্রশাসন অভিযান চালিয়ে পাশের আরেকটি ডেন্টাল কেয়ার থেকে একজনকে আটক করে কারাদণ্ড দেয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি বাড়ায় কিছু ভুয়া দন্ত চিকিৎসক এখন চেম্বারে সনদধারী চিকিৎসকের নাম ব্যবহার করছেন। তাঁরা দাবি করেন, চেম্বারটি ওই চিকিৎসকের হলেও বাস্তবে অনেক সময় তাঁর অনুপস্থিতিতে অন্যরা রোগীদের চিকিৎসা দেন। কোথাও কোথাও সনদধারী চিকিৎসককে সামনে রেখে অন্য ব্যক্তিরা চিকিৎসাসেবা দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

ইউএনও আমেনা খাতুন বলেন, অভিযানের সময় ওই দুই ব্যক্তি চিকিৎসাসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা চেম্বারটি অন্য একজন সনদধারী চিকিৎসকের বলে দাবি করলেও তাঁদেরই রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। এ কারণে তাঁদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর