শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য দায়ী ইউনূস সরকার’

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য দায়ী ইউনূস সরকার’

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকার বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, তখন আমাদের কথা শুনে গণভোট আগে আয়োজন করলে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম হতো না।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলা সদরের ইন্দুরকানী ইউনিয়নের রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান শিকদারের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

মাসুদ সাঈদী বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জামায়াতে ইসলামীকে বিজয়ী হতে দেওয়া হয়নি। যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, বিএনপি ক্ষমতা গ্রহণের পর সেই স্বপ্নের কথা ভুলে গেছে। জুলাই সনদে স্বাক্ষর করার প্রতিশ্রুতির কথাও তারা ভুলে গেছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও জুলুমের সুযোগ থাকত না। অথচ সরকার সনদ বাস্তবায়ন না করে নানা ধরনের কথা বলছে। সরকার বারবার সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও বাস্তবে এর অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, “আমরা জানতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে তাদের বাধা কোথায়? জুলাই সনদ বাস্তবায়িত হলে দাপট দেখানো, চুরি ও দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যেত।”

জামায়াত নেতা বলেন, এমন কোনো মায়ের সন্তান নেই, যে বলতে পারবে—আমরা সরকারি বা অন্য কোনো পক্ষের কাছ থেকে দুর্নীতি করে একটি পয়সাও খেয়েছি।

সভায় সভাপতিত্ব করেন সাবেক পুলিশ সুপার আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খাইরুল বাশার, সাবেক ইউপি সদস্য মাওলানা আব্দুল হান্নানসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর