খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জেলা আইসিটি কেন্দ্রের একটি কক্ষে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পান। কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেন তারা। পরে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতে পরে কক্ষের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
অগ্নিকাণ্ডে কক্ষের এসি, ফ্যান, ব্যাটারি, আসবাব ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জেলা আইসিটি কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বা মূল্যবান কোনো সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডের সময় কক্ষের ভেতরে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
প্রতিনিধি/এলএ




